প্রজনন মৌসুমে মা ইলিশের অবাধ বিচরণ ও বংশবিস্তার নিশ্চিত করতে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। রবিবার (২৫ অক্টোবর) ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে যমুনা নদী থেকে ১০ হাজার মিটার ইলিশ ধরার জাল এবং বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা নিষিদ্ধ জাল ও শিকারি সরঞ্জামগুলো পরে উপজেলার কালিতলা ঘাটে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় প্রায় ১৫ কেজি ইলিশ উদ্ধার করা হয়, যা স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার, রাজশাহী বিভাগীয় মৎস্য পরিচালকের কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক সেলিম আক্তার, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার, সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন এবং বগুড়া সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুল হক। এ ছাড়া পুলিশ সদস্য, মৎস্য দপ্তরের কর্মী ও স্থানীয় জেলেরা অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, প্রজনন মৌসুমে মা ইলিশের বংশবিস্তার রক্ষায় নদীতে অবৈধ শিকার বন্ধ করা অত্যন্ত জরুরি। নিষিদ্ধ জাল ও বৈদ্যুতিক শকের ব্যবহার শুধু ইলিশের উৎপাদনই ব্যাহত করে না, বরং নদীর অন্যান্য জলজ প্রাণীর জন্যও ক্ষতিকর। তাই যমুনার মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন কর্মকর্তারা।

