গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত উপাধ্যক্ষ মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালত জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। গত বৃহস্পতিবার গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, গত ১৯ অক্টোবর সোমবার টঙ্গীর ওই মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। ঘটনার পর থেকেই শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করছিল। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে শুরুতে সে কিছু না বললেও, পরবর্তীতে মা-বাবার জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি পুরো বিষয়টি খুলে বলে।

