ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে এক কৃষকের প্রায় দেড় শতাধিক লাউ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। ক্ষতিগ্রস্ত কৃষক মো. মমিনুল ইসলাম মনির জানিয়েছেন, এ ঘটনায় তার ৭০ হাজার টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষক জানান, তিনি দীর্ঘদিন ধরে মৌসুমী সবজি চাষ করে আসছেন। এবার ২৫ শতাংশ জমিতে উচ্চফলনশীল জাতের দেড় শতাধিক লাউ চারা রোপণ করেছিলেন। সঠিক পরিচর্যার ফলে গাছে প্রচুর ফলন এসেছিল এবং ছোট-বড় মিলিয়ে শতাধিক লাউ ধরেছিল। কয়েক দিনের মধ্যেই তিনি কিছু লাউ বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন।
মনির আরও বলেন, প্রতিদিন রাত ১০টা পর্যন্ত বাগানে পাহারা দিয়ে তিনি বাড়ি ফিরতেন। কিন্তু শনিবার সকালে ঘুম থেকে উঠে বাগানে গিয়ে দেখেন গাছগুলো ঝিমিয়ে পড়ছে এবং গাছের গোড়া কাটা। অনেক লাউ গাছ থেকে ঝুলে পড়ছে। এই বাগান করতে তার ৩০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। বাগানের বর্তমান অবস্থা অনুযায়ী প্রায় ৭০ হাজার টাকার সবজি বিক্রি হতো বলে তিনি দাবি করেন।
শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত কৃষক বিষয়টি সংবাদকর্মীদের জানান। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। আখাউড়া উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. হুমায়ুন কবির জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার ধারণা, শত্রুতা থেকেই দুর্বৃত্তরা এই অপকর্মটি করেছে।
