সাবেক এমপি ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শনিবার দুপুরে রাজধানীর বনানীর নিজ বাসায় বাথরুমে পড়ে যান তিনি। দীর্ঘ সময় বের না হওয়ায় বাথরুমের দরজা ভেঙে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

মুহম্মদ শফিকুর রহমান ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে পরপর দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৪৯ সালের ২৫শে সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে তার জন্ম। তার বাবা মৌলভী আবদুল হামিদ ও মা আয়েশা খাতুন। শিক্ষাজীবনে ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি, ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক ও ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।