খুলনার ডুমুরিয়ায় তিনটি জবাই করা ঘোড়ার প্রায় তিন মণ মাংসসহ আনিসুর রহমান ওরফে পলাশ মাহমুদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬। অভিযানের সময় একটি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১৯-এর ১৬(ক) ধারায় পলাশকে এই কারাদণ্ড দেওয়া হয়। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকার সাউথ বেঙ্গল ক্যাটল ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসআরবি জানায়, অভিযানের সময় পলাশের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হন।
এসআরবি-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মোহাম্মদ জিহাদ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে গরু বা খাসির মাংস হিসেবে বিভিন্ন হোটেল ও স্থানে বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ অন্তত ১৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল কবির বলেন, জব্দ করা ঘোড়ার মাংস অস্বাস্থ্যকর পরিবেশে জবাই করা হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পরে মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। এছাড়া উদ্ধার করা জীবিত ঘোড়াটি স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী শেখের জিম্মায় দেওয়া হয়েছে।
