নওগাঁর মান্দায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রকাশ্যে মাইকিং করার ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে ও ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে ও মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকার (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার সীমান্ত এলাকার খোলা মাঠের রাস্তায় একটি মাইকিংয়ের আয়োজন করেন। সেখানে ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন’ মর্মে ১৮ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে আসে।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করে। অভিযানের সময় প্রচার কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ মাইকিংয়ের বিষয়ের সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। মাইকিংয়ের ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
