অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে আটক করল পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে চারজনকে থানায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পদধারী নেতা বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম। পুলিশ জানিয়েছে, আটকের সময় তারা নিজেরাই নিজেদের ছাত্রলীগের পদে থাকার বিষয়টি স্বীকার করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন গণমাধ্যমকে জানান, তারা চারজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীকে অনশন কর্মসূচির মধ্যে দেখতে পান। পরবর্তীতে পুলিশ এসে তাদের সেখান থেকে নিয়ে যায়।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।