নিরাপত্তাজনিত কারণে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, দাম্মাম রুটে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে। অন্যদিকে, রিয়াদ রুটে ফ্লাইট চলাচল ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

তবে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো তাদের নির্ধারিত সময়সূচি মেনেই চলাচল করবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।