মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ও আহতরা সবাই বিভিন্ন দেশের পর্যটক।
মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থল থেকে এএফপির একজন সংবাদদাতা জানান, মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর জন্য কাজ করছেন উদ্ধারকর্মীরা। একটি ক্রেনের সহায়তায় দুমড়েমুচড়ে যাওয়া বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে ইস্পাতের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এছাড়াও রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে এবং ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল।
আল-আহরাম জানিয়েছে, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে গিজার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

