নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিপন মিয়া নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইসকা কুলি মার্কেট এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন এবং কাঠের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি পাইসকা এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় রিপনের সঙ্গে অভিযুক্তদের বিরোধ ছিল। এছাড়া গত ৬ ও ৭ অক্টোবর পাইসকা এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের কমিটিতে নাম না থাকাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত কাজী, ফরহাদ কাজী, তানভীর কাজী, আমিরুল কাজী ও ইমন কাজীর সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়।
পরিবারের ভাষ্যমতে, রোববার সন্ধ্যায় রিপন মিয়ার সঙ্গে রিফাত কাজী ও তার লোকজনের কথা-কাটাকাটি হয়। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে রিফাত কাজী, ফরহাদ কাজী, তানভীর কাজী, আমিরুল কাজী ও ইমন কাজীসহ ৫০ থেকে ৬০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিপন মিয়া নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

