এল ক্লাসিকোর আগে বার্সার বড় স্বস্তি, ফিরছেন রাফিনিয়া

এল ক্লাসিকোর মতো রোমাঞ্চকর মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ মিস করতে চান না কেউই। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামলে বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার প্রেরণা যেন বহুগুণ বেড়ে যায়। দীর্ঘ ইনজুরি কাটিয়ে চিকিৎসকদের কাছ থেকে খেলার ছাড়পত্র পাওয়ার পর তিনি এখন পুরোপুরি ফিট। ওসাসুনার বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হলেও, আসন্ন হাইভোল্টেজ ক্লাসিকোর জন্য তিনি শতভাগ আত্মবিশ্বাসী ও প্রস্তুত।

চলতি মৌসুমে লা লিগার শিরোপা লড়াই যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এই ক্লাসিকোর গুরুত্ব অনেক বেশি। কোচ হান্সি ফ্লিকের রণকৌশলে রাফিনিয়া এখন একটি অপরিহার্য নাম। তাঁর আক্রমণাত্মক ফুটবল, মাঠের উচ্চ মানসিকতা এবং নিবেদিত প্রাণ দলকে বাড়তি শক্তি জোগায়। পরিসংখ্যানও তাঁর পক্ষেই কথা বলছে; রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা ১২টি ম্যাচের মধ্যে ৮টিতেই জয় পেয়েছেন তিনি, যা যেকোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে তার ক্যারিয়ারের সর্বোচ্চ জয়ের রেকর্ড।

রিয়ালের জালে গোল করাটা রাফিনিয়ার কাছে যেন অভ্যাসে পরিণত হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে সান্তিয়াগো বার্নাবুতে বার্সার ৪-০ ব্যবধানের জয়টিতে তিনি ১টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছিলেন। এরপর জানুয়ারি মাসে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল ও ১টি অ্যাসিস্ট করে ম্যাচসেরা হন। পরবর্তীতে লিগে মনজুইকে ৪-৩ গোলের জয়েও তিনি জোড়া গোল করেছিলেন।

ইনজুরির কারণে মাদ্রিদের মাটিতে খেলা লিগ ম্যাচটিতে তিনি অনুপস্থিত ছিলেন, যেখানে বার্সেলোনা হেরে যায়। তবে পরবর্তী সুপার কাপের ফাইনালের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে ফেরেন এবং দলের ৩টি গোলের ২টিতে অবদান রেখে আবারও ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ২০২৩-২৪ মৌসুমের দ্বিতীয় লেগের ক্লাসিকোর পর থেকে রিয়ালের বিপক্ষে পরাজয়ের স্মৃতি তাঁর নেই বললেই চলে। সব মিলিয়ে, আসন্ন মহারণে অল্প সময়ের জন্য মাঠে নামার সুযোগ পেলেও ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। রিয়াল মাদ্রিদের রাজত্বে থাবা বসাতে বার্সেলোনার প্রধান অস্ত্র হতে যাচ্ছেন তিনিই।