বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুপারিশ

ক্যানসার প্রতিরোধ এবং এর আধুনিক চিকিৎসায় সমন্বিত গবেষণা ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার জোরালো প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাদান, জরায়ুমুখ ও স্তন ক্যানসারের স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তারা।

রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব সুপারিশ উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘অ্যাডভান্সিং ক্যান্সার এডুকেশন, রিসার্চ অ্যান্ড কেয়ার: বিএমইউ’স ভিশন অ্যান্ড লিডারশিপ’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে চিকিৎসক, গবেষক, শিক্ষক, ওষুধশিল্পের প্রতিনিধি, চিকিৎসাপ্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বৈঠকে বক্তারা বলেন, শুধু আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো বাড়ালেই ক্যানসার চিকিৎসার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দক্ষ জনবল তৈরি, বৈজ্ঞানিক গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল এবং বিভিন্ন বিশেষায়িত বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়। বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে চিকিৎসা, উচ্চতর শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ তৈরি হবে, যা আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে।

বিশেষজ্ঞরা ক্যানসারের ঝুঁকি কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর বিশেষ জোর দেন। তারা তামাক নিয়ন্ত্রণ, স্ক্রিনিং সহজলভ্য করা এবং জনসচেতনতা বাড়ানোর কথা বলেন। এছাড়া বাংলাদেশের ক্যানসারের প্রকৃত চিত্র জানতে একটি জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধনব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা। এতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও চিকিৎসার সম্প্রসারণ সহজতর হবে।

বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন বিভাগের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি বৈজ্ঞানিক উপস্থাপনা দেন। তিনি ক্যানসার চিকিৎসায় বিভিন্ন অনকোলজি ও সংশ্লিষ্ট বিভাগের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। আলোচনায় মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির মতো আধুনিক পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা আধুনিক প্রযুক্তির পাশাপাশি তা পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল তৈরির ওপর গুরুত্ব দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা আলোচনা করেন। ন্যাশনাল ক্যানসার রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতালের সঙ্গে যৌথ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানানো হয়। বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ ২০০৫ সালের ১৯ অক্টোবর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত ২১ বছরে ক্যানসার চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সরকারি ও বেসরকারি সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টায় ক্যানসার সেবার মানোন্নয়ন সম্ভব বলে আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন।