রাজধানীতে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে সমালোচনার মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রতিমন্ত্রীকে ডেকে পাঠিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে ইশরাক হোসেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রতি পদত্যাগ বা অন্য যেকোনো নির্দেশনা আসা মাত্রই তা কার্যকর হওয়া বাধ্যতামূলক বা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়। তাই এ বিষয়ে তৃতীয় বা চতুর্থ কোনো ব্যক্তির মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বা তাঁর ক্ষেত্রে এমন সিদ্ধান্ত কার্যকর হওয়া মাত্রই সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে একই পেজে দেওয়া অন্য এক পোস্টে পদত্যাগের খবরকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছিল।
ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে, যখন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করছেন এবং তাঁর সহযোগীরা গুলি করার হুমকি দিচ্ছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সশস্ত্র দেহরক্ষীরা সন্দেহভাজনদের তাড়া করেন এবং এক তরুণকে লাথি মারেন। ভিডিওতে হাতজোর করে আকুতি জানাতে দেখা যায় আটকে পড়া কয়েকজনকে। সেখানে প্রতিমন্ত্রীর নিজ নিয়োগ করা দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন।
একজন প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র হাতে এভাবে অভিযানে নামার বিষয়টি বিএনপি ও সরকারের ভেতরে তীব্র অসন্তোষ ও অস্বস্তি তৈরি করেছে। দলটির নেতাদের মতে, মাদক দমনে প্রশাসনকে সক্রিয় না করে প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র প্রদর্শন করাটা সরকার ও মন্ত্রিসভাকে বিব্রত করেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান যখন রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান পর্যালোচনায় ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন করছিলেন, ঠিক সেই দিনই বিকেলের এই ঘটনায় প্রধানমন্ত্রীর পরিদর্শনের ইতিবাচক অর্জন ঢাকা পড়ে যায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একে সরকারের জবাবদিহির প্রশ্নে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
আইন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালার ২৫ অনুচ্ছেদে বলা আছে, আত্মরক্ষার্থে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহন করা গেলেও অন্যের মনে ভয় বা বিরক্তি সৃষ্টি হয় এমনভাবে তা প্রদর্শন করা নিষেধ। ঘটনাটি তদন্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, এতে আইন লঙ্ঘন হয়েছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা জানান, অভিযানে যাওয়ার আগে পুলিশকে কিছু জানানো হয়নি; ইশরাক হোসেনও স্বীকার করেছেন যে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর ১০ মিনিট পর পুলিশকে খবর দেন।
বিতর্কের জবাবে রোববার ইশরাক হোসেন দাবি করেন, স্থানীয় পুলিশ ও সামাজিক নেতাদের সঙ্গে যৌথ আলোচনার মাধ্যমেই এই সামাজিক প্রতিরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল। তিনি জানান, ৩০-৩৫ জন লোক মারমুখী হয়ে তাঁদের গাড়িবহরের দিকে এগিয়ে এলে সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে তিনি ও তাঁর নিরাপত্তাকর্মীরা ক্ষণিকের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। অস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত ও বৈধ দাবি করে তিনি বলেন, অভিযানে চার-পাঁচটি মাদকের আস্তানা উচ্ছেদ, অস্ত্র, টাকা ও চোরাই মোবাইল জব্দের পাশাপাশি ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গণমাধ্যম খণ্ডিত ছবি প্রকাশ করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।
উল্লেখ্য, বিতর্কিত ঘটনায় নাম আসায় এর আগেও বিএনপি ও সরকারের শীর্ষ নির্দেশনায় পদত্যাগ করতে হয়েছিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে। গত ২৫ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঘনিষ্ঠদের নাম এলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর পদত্যাগ করেন তিনি। মিষ্টির পদত্যাগের আড়াই সপ্তাহের মাথায় এবার প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকেও একইভাবে পদত্যাগের নির্দেশ দেওয়া হলো।

