নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার জিনু মার্কেটে নিজ দোকানের ভেতরে কর্মরত থাকা অবস্থায় মিজানুর রহমান মিজান (৩২) নামের ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানো হয়। আহত মিজানুর রহমান ওই উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের আহাম্মদ উল্যাহর ছেলে।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ জানান, মিজান স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে পরিচিত। শনিবার রাতে যখন তিনি তার দোকানে কাজ করছিলেন, তখন স্থানীয় সন্ত্রাসী ‘কানা নিজাম’-এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলায় কানা নিজামের সঙ্গে চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল ও শাহসহ আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি অংশ নেয়।

আক্রমণকারীদের ছোড়া একটি গুলি মিজানের বুকের বাম পাশে বিদ্ধ হয়। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানিয়েছেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।