যুব উন্নয়নের নিয়োগের প্রশ্ন পেতে ১০ লাখ টাকার চুক্তি, গ্রেপ্তার ৭

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের নামে চাকরিপ্রার্থীদের সঙ্গে ১০ লাখ টাকার লিখিত চুক্তি করত একটি চক্র। ওই টাকা শোধ না হওয়া পর্যন্ত জিম্মি রাখা হতো প্রার্থীদের মূল শিক্ষাসনদ। আর এককালীন অগ্রিম টাকা দিতে না পারলে ২ থেকে ৩ লাখ টাকার স্বাক্ষর করা ব্যাংক চেক জমা রাখা হতো। জালিয়াতির এই ঘটনায় জড়িত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১০০ টাকার ১১৬টি স্ট্যাম্প, চাকরিপ্রার্থীদের ১০টি মূল শিক্ষাসনদ এবং ৪০ জনের স্বাক্ষর করা ব্যাংক চেকের পাতা ও চেক বই জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিস সহায়ক নূর মোহাম্মদ (৩০), এনবিআরের কম্পিউটার অপারেটর মো. জাহাঙ্গীর (৩৮), কম্পিউটার অপারেটর এস এম ইমদাদুল ইসলাম (৩৫), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদুল ইসলাম (৩৩), পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো. রুবেল ইসলাম (৩৩) এবং চক্রের অন্য দুই সদস্য মফিজুল ইসলাম (২৩) ও মো. হাসিনুর রহমান ওরফে সুজন।

এসআরবি ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, মতিঝিল থানায় করা প্রশ্নফাঁস মামলার ছায়া তদন্ত করছে এসআরবি। চক্রটির চুক্তির শর্ত অনুযায়ী চাকরিপ্রার্থীরা পুরো টাকা পরিশোধ করার পরই কেবল তাঁদের সনদ ফেরত পেতেন। যাঁরা নগদ আগাম টাকা পরিশোধে অপারগ ছিলেন, তাঁদের কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা লেখা স্বাক্ষরসহ ব্যাংকের চেকের পাতা নেওয়া হতো। অনুসন্ধানে অন্তত ৪০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে এভাবে ব্যাংক চেক নেওয়ার প্রমাণ মিলেছে। এনবিআরের কর্মচারীদের মাধ্যমে প্রশ্নপত্রের উত্তর প্রস্তুতের পর তা চক্রের বিভিন্ন সদস্যের হাত ঘুরে পরীক্ষার্থী ও গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হতো।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, গত ১০ অক্টোবর ভোর ৪টা ৪৩ মিনিটে এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদের মুঠোফোনে প্রথম প্রশ্নপত্রের একটি অস্পষ্ট ছবি আসে। পরবর্তীতে সকাল সোয়া ছয়টার দিকে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীরের কাছে প্রশ্নপত্রের তুলনামূলক স্পষ্ট ছবি পৌঁছায়। ছবি পাওয়ার পরপরই দ্রুত উত্তর তৈরি করে তা চক্রের অন্যান্য সদস্য ও সম্ভাব্য ক্রেতা পরীক্ষার্থীদের কাছে ছড়িয়ে দেওয়া হয়। প্রশ্নপত্র মূল কার হাত থেকে এবং কীভাবে এই চক্রের কাছে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

এদিকে প্রশ্নফাঁসের ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মীর্জা মোহাম্মদ মুক্তা জানিয়েছেন, রোববার নথিপত্র আনুষ্ঠানিকভাবে সিআইডির কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তরের ২৪২টি শূন্য পদের বিপরীতে ৩ লাখ ১৮ হাজার ৯৭৬ জন চাকরিপ্রার্থীর বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ১০ অক্টোবর। ঢাকা মহানগরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সূচি নির্ধারিত থাকলেও, সকাল থেকেই প্রশ্নফাঁসের সংবাদ ছড়িয়ে পড়ে। সকাল ১০টা ৩ মিনিটে প্রশ্নফাঁসের সত্যতা নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করে। পরদিন ১১ অক্টোবর মতিঝিল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. আতিকুর রহমান। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্থগিত হওয়া সেই বাছাই পরীক্ষা গত শুক্রবার নতুন করে অনুষ্ঠিত হয়েছে।