পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন দাস

ডান হিপ জয়েন্টের অস্বস্তির কারণে ত্রিদেশীয় সিরিজের পুরো সময়টাতে লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ দল। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি জানান, গতকাল এই অস্বস্তির কথা জানানোর পর লিটনের এমআরআই করানো হয়। রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ার পর আজ তিনি ফিটনেস টেস্ট দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে ব্যর্থ হন। ফলে পুরো সিরিজ থেকেই তিনি ছিটকে গেছেন।

চোটের কারণে শেষ মুহূর্তে একাদশ থেকে বাদ পড়া লিটন দাসকে অবশ্য এদিন ডাগআউটে দেখা গেছে। জাতীয় সংগীতের সময় তিনি কোচিং স্টাফদের সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন। এদিকে, টসের সময় ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় জানান, শেষ মুহূর্তে চোট পাওয়ায় লিটন এই ম্যাচটি খেলছেন না। একই সঙ্গে জ্বরে আক্রান্ত হওয়ায় মেহেদী হাসান মিরাজও আজকের ম্যাচে নেই।

আবুধাবিতে অনুষ্ঠিত এই ত্রিদেশীয় সিরিজের ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৯ সালের মে মাসের পর বাংলাদেশ এই প্রথম কোনো ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে। সিরিজের অপর দলটি হলো আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।