নেতানিয়াহু মিথ্যাবাদী, তার হাতে ফিলিস্তিনি শিশুদের রক্ত: রো খান্না

মার্কিন কংগ্রেসম্যান রো খান্না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি ‘মিথ্যাবাদী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি কঠোর ভাষায় অভিযোগ করেন যে, ফিলিস্তিনি শিশুদের রক্তের দায় নেতানিয়াহুর হাতেই।

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড এবং তাদের দায়মুক্তি পাওয়ার বিষয়টি নিয়ে রো খান্না গভীর উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক আলোকচিত্রী আক্রান্ত হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এই অভিযোগ তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দুটি পোস্টে তিনি ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার বর্ণনা দেন। তিনি জানান, হামলাকারীরা লেভিনকে তুলে আছড়ে ফেলে এবং তাকে লাথি মারতে থাকে।

ইসরাইলি বসতি স্থাপনকারীদের কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের দাবি জানিয়ে খান্না বলেন, ইসরাইলকে যেসব সহায়তা দেওয়া হয়, তা যদি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, তবে সেই সহায়তা এবং অস্ত্র বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা স্মরণ করে খান্না জানান, গত জুলাই মাসে খিরবেত জানুতা এলাকায় বসতি স্থাপনকারীরা তাকে এবং নিউ ইয়র্ক টাইমসের একজন আলোকচিত্রীকে আটকে রেখেছিল। সেই সময় নেতানিয়াহু তাকে ‘মিথ্যাবাদী’ বলেছিলেন। এর প্রতিক্রিয়ায় খান্না বলেন, ‘নেতানিয়াহু, আপনিই মিথ্যাবাদী। ফিলিস্তিনি শিশুদের রক্ত আপনার হাতে।’