সরকারি কাজে অসহযোগিতা ও অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

‘সবার উপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কাজে অসহযোগিতা ও অবহেলা প্রদর্শনকারী কর্মকর্তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সরকারি বাজেট বরাদ্দের বিপরীতে যেসব প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, সেগুলোর কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সভাপতি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক, আইনগত বা বাস্তব কোনো প্রতিবন্ধকতা থাকলে তা কোনোভাবেই গোপন করা যাবে না। বরং কমিটির সামনে স্বচ্ছতার সঙ্গে প্রাসঙ্গিক নথি, তথ্য ও বাস্তব পরিস্থিতি উপস্থাপন করতে হবে।

নাগরিক সেবা সহজতর ও দ্রুত করার ওপর গুরুত্বারোপ করে সাঈদ আহমেদ বলেন, ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তাদের অবশ্যই মনে রাখতে হবে যে, তারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো বিশেষ দল, গোষ্ঠী বা ব্যক্তির নয়। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং সহযোগিতার মনোভাব নিয়ে প্রচলিত ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করা হয় বৈঠকে।

বৈঠকের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে বৈঠকে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল, বিয়াম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)।

বৈঠকে কমিটির সদস্য মো. আব্দুল বারী (জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী), এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, মো. আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু ও মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।