বর্জ্য থেকে জ্বালানি তেল: নতুন প্রযুক্তির প্রদর্শনী দেখলেন প্রধানমন্ত্রী

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে গবেষণা প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ প্রদর্শনীতে গবেষকরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তির বিভিন্ন দিক ও এর বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রকল্পটির গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ ব্যবহার করে জ্বালানি তেল উৎপাদনের কারিগরি ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। প্রায় ১০ বছর ধরে পরিচালিত এই গবেষণায় ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ বা এইচটিএল প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। গবেষণাগারের পরীক্ষায় বর্জ্য থেকে ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড এবং ডিজেলসমৃদ্ধ জ্বালানি উৎপাদনের সম্ভাবনা নিশ্চিত হয়েছে।

প্রকল্পের পরবর্তী ধাপে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে গবেষকদের। এই প্ল্যান্টের মাধ্যমে উৎপাদন ব্যয় ও বাণিজ্যিক সম্প্রসারণের সক্ষমতা যাচাই করা হবে। গবেষকদের প্রাক্কলন অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। সফলভাবে বাস্তবায়িত হলে এটি আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ প্রতিস্থাপন করতে সক্ষম হবে, যার মাধ্যমে বছরে প্রায় ৬ হাজার ৫০০ কোটি থেকে ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো প্রকল্পটির কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা প্রত্যক্ষ করেন। এ সময় প্রকল্পটি দেশের জ্বালানি খাতের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও পরিবেশদূষণ হ্রাসে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে তিনি প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। প্রদর্শনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইউজিসির পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।