হাসপাতালে ও ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবাধে চলছে শিশু কেনাবেচা

রাজধানীর বিভিন্ন হাসপাতালের দেয়াল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে অবাধে চলছে শিশু কেনাবেচা। এমনকি সুনির্দিষ্ট অফিস খুলে দত্তক দেওয়ার আড়ালে একশ্রেণির অসাধু চক্র সরাসরি কমিশনের বিনিময়ে মানব শিশুকে পণ্যের মতো বিক্রি করছে। এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে হাসপাতালের কর্মচারী ও নার্স থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যক্তিরা জড়িত রয়েছেন, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে 'বাচ্চা বেচাকেনা' কিংবা 'বাচ্চা দত্তক দিচ্ছি-নিচ্ছি' লিখে অনুসন্ধান করলেই চোখের সামনে ভেসে ওঠে শত শত পেজ ও গ্রুপ। এসব গ্রুপে প্রবেশ করলেই দেখা যায় দত্তকের নামে একের পর এক শিশু কেনাবেচার পোস্ট। কেউ সেখানে লিখছেন 'আর্জেন্ট একটি ছেলে বাচ্চা লাগবে', আবার কেউ লিখছেন 'একটি মেয়ে বাচ্চা চাই'। এসব পোস্টের নিচে মন্তব্যের ঘরে অনেকেই বাচ্চার বয়স জানতে চাচ্ছেন। কেউ উত্তর দিচ্ছেন তিন বছর, কেউ বলছেন সাত মাসের বাচ্চা আছে এবং তাদের ইনবক্সে যোগাযোগ করতে বলছেন। এমনকি অনেকে সময় নির্ধারণ করে লিখছেন, 'ডিসেম্বরে একটা নিউ বোর্ন ছেলে বাচ্চা লাগবে, দিতে পারলে যোগাযোগ করেন'।

এমনই একটি ফেসবুক পেজ 'বাচ্চা দত্তক নেয়া এবং দেয়ার গ্রুপ'-এ অনুসন্ধান চালিয়েছে একটি সংবাদমাধ্যম। সেখানে নিজের পরিচয় গোপন করে 'অনন্যামাউস' নামে একজন সদ্য পোস্ট করেন যে, একটি নিঃসন্তান ভালো পরিবারের জন্য তাদের একটি শিশু দত্তক প্রয়োজন। এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই 'ঐশ্বর্য চৌধুরী ওরিন' নামের এক আইডি থেকে মন্তব্য করা হয়, 'ছেলে হবে'। বাচ্চার বয়স জানতে চাওয়া হলে ওরিন জানান, বয়স তিন বছর। একই পোস্টে 'সানজিদা সীমা' নামের একজন ইনবক্স করতে বলেন এবং 'হ্যান্ডসাম ক্রোকোডাইল-৮৯৯' নামের আইডি থেকে ডিমান্ড বা টাকার বিনিময়ে বাচ্চা দেওয়া সম্ভব কি না জানতে চাওয়া হলে পোস্টকারী ইতিবাচক সাড়া দেন এবং হোয়াটসঅ্যাপ নম্বর চান।

একইভাবে 'রিমন' নামের একজন ডিমান্ড থাকার কথা জানান এবং 'তিন্নি চৌধুরী' নামের অন্য একটি আইডি থেকে ইনবক্স করার অনুরোধ করা হয়। পরবর্তীতে তিন্নি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুমানিক ৩ থেকে ৪ বছর বয়সী একটি ছেলে শিশুর ছবি পাঠান। তবে তার শর্ত ছিল, চার লাখ টাকার নিচে তিনি কোনো কথা বলবেন না। দরকষাকষির একপর্যায়ে সাড়ে তিন লাখ টাকায় বিষয়টি চূড়ান্ত হয়। তিন্নি চৌধুরী দাবি করেন, শিশুটি তার বড় বোনের। স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর স্বামী সন্তান নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং এই মুহূর্তে তার বোনের পক্ষে সন্তান লালন-পালন করা সম্ভব নয়। তাই স্ট্যাম্পে সবকিছু লিখিয়ে তিনি বাচ্চাটি দত্তক দিতে চান এবং প্রাপ্ত টাকার সম্পূর্ণ অংশই তার বোনকে দিয়ে দেবেন।

'ছেলে মেয়ে দত্তক নেয়া-দেয়া হয়' নামের আরেকটি পেজে 'মো. অনিক' নামের একজন ৭ বছর বয়সী মেয়ে শিশুকে লালন-পালনের জন্য হস্তান্তরের পোস্ট দেন। 'নাসরিন আক্তার' নামের একজন নবজাতক ছেলে শিশুর জন্য দায়িত্বশীল পরিবার খুঁজছেন বলে পোস্ট করলে 'মো. রাসেল বয়াতি' নামের একজন নেওয়ার আগ্রহ প্রকাশ করে নম্বর চান। অন্যদিকে 'আফরান চৌধুরী' নামে এক ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ একটি শিশুর ছবি দিয়ে দত্তক নেওয়ার জন্য যোগাযোগের আহ্বান জানান।

এই আফরান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তাদের হাসপাতালে এক দরিদ্র মায়ের যমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে) হয়েছে, যাদের লালন-পালনের সামর্থ্য ওই পরিবারের নেই। আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাচ্চা দুটি হস্তান্তর করা হবে এবং বিনিময়ে শুধু হাসপাতালের মেডিকেল বিল ও আনুষঙ্গিক খরচ দিতে হবে। তবে দেশের আইন অনুযায়ী এভাবে বাচ্চা দেওয়া বৈধ কি না জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, বাচ্চা নিলে তিনশ টাকার স্ট্যাম্পের মাধ্যমে আজীবনের জন্য লিখে দেওয়া হবে এবং কেউ কখনো খোঁজ নিতে আসবে না। পরবর্তীতে তিনি সদ্যজাত ছেলে ও মেয়ে শিশু দুটির ভিডিও ফুটেজও পাঠান।

শিশু দত্তক দেওয়ার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ব্রোকার হাউজ বা মধ্যস্থতাকারী অফিস। তারা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে নিয়মিত শিশু কেনাবেচার মধ্যস্থতা করে থাকে। এই কাজের জন্য তারা নিজস্ব ফরমেটে ফরম তৈরি করেছে, যেখানে উভয় পক্ষের তথ্য লিপিবদ্ধ থাকে। এই চক্রগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আজিমপুর মাতৃসদন, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল এবং মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বিজ্ঞাপন দিয়ে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রোকার হাউজের মালিক জানান, তাদের নেটওয়ার্ক পুরো বাংলাদেশে বিস্তৃত এবং এমনকি পার্শ্ববর্তী দেশেও তাদের যোগাযোগ রয়েছে। তারা গর্ভ ভাড়ার (সারোগেসি) কাজও করে থাকেন। সম্প্রতি কানাডায় নিয়ে যাওয়ার জন্য তাদের মাধ্যমে একটি মেয়ে শিশু বিক্রি করা হয়েছে বলেও তিনি জানান। বাচ্চার দামের বিষয়ে তিনি বলেন, ছেলে বাচ্চার দাম ও চাহিদা বেশি হলেও মেয়ে বাচ্চার চাহিদাও কম নয়। একটি মেয়ে বাচ্চা ২ থেকে ৩ লাখ টাকায় পাওয়া যায় এবং ছেলে বাচ্চার ক্ষেত্রে সর্বনিম্ন খরচ হয় ৪ থেকে ৫ লাখ টাকা।

আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অর্থের বিনিময়ে শিশু কেনাবেচা বা চিরতরে হস্তান্তর করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। হাসপাতাল বা অভিভাবকের হেফাজত থেকে শিশুকে নিয়ে অন্য কাউকে হস্তান্তর করার বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রয়েছে। শিশু আইন, ২০১৩ অনুযায়ী শিশুর ওপর নিষ্ঠুরতা, অবহেলা ও শোষণের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়া ২০২৫ সালের ইউনিসেফের প্রকাশিত 'স্টপিং দ্য ট্রাফিক' প্রতিবেদনেও বাংলাদেশের শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার সৈয়দ হারুন অর রশীদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দত্তক নেওয়ার নামে বিভিন্ন প্রতারণা তাদের নজরে এসেছে এবং এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও তারা কাজ করছেন।