মানসিক স্বাস্থ্য সুরক্ষা জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ। আগামী ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে স্বাস্থ্যের সংজ্ঞায় নতুন মাত্রা যোগ করে বলেন, কেবল নীরোগ থাকা বা দৃশ্যত স্বাস্থ্যবান থাকাই স্বাস্থ্য নয়; বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকাই প্রকৃত স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’ উল্লেখ করে তিনি বলেন, মানুষের নিজস্ব অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়া মানসিক স্বাস্থ্যসেবার একটি অপরিহার্য অংশ।

মানসিক অসুস্থতাকে ঘিরে থাকা কুসংস্কার, ভয় ও লজ্জা দূর করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল চিকিৎসা নয়, বরং মানুষের মর্যাদা ও সামগ্রিক কল্যাণের সঙ্গে জড়িত। মানসিক সমস্যার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিদের বিচ্ছিন্ন না করে তাদের কথা শোনা ও পাশে দাঁড়ানোই পরিবর্তনের পূর্বশর্ত।

সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে যেখানে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও জীবনমানের উন্নয়ন সমান গুরুত্ব পাবে। এরই ধারাবাহিকতায় উপজেলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে সেবার পরিধি বাড়ানো, দক্ষ জনবল তৈরি, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর কাউন্সেলিং সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সামাজিক সংকোচ ও জনবলের ঘাটতির কারণে অনেকে সঠিক সেবা থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার গর্ভবতী মা, শিশু-কিশোর এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের প্রতি আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমকে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় হতে বলেছেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে কেউ সংকোচ বোধ করবে না। তিনি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে সবার সুস্থতা ও কল্যাণ কামনা করেন এবং দিবসটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।