সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য খাতে নবায়নযোগ্য জ্বালানির এক নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। উপজেলার বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী প্রতিষ্ঠান 'ওশান হ্যাচারি'তে ২৫০ কিলোওয়াট ক্ষমতার একটি অত্যাধুনিক হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মৎস্য হ্যাচারি শিল্পে দেশে প্রথমবারের মতো ভাঁজযোগ্য বা ফোল্ডিং আধুনিক সৌর প্যানেল প্রযুক্তি ব্যবহার করা হলো এই প্রকল্পে।
সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও জেনিক্সগ্রিন বাংলাদেশ যৌথভাবে এই পরিবেশবান্ধব প্রকল্পটি বাস্তবায়ন করেছে। গত বুধবার প্রকল্পটির উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা হ্যাচারি প্রাঙ্গণ পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মীর গোলাম মোস্তফা, জেনিক্সগ্রিন বাংলাদেশের প্রধান প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, চায়না জেনিক্সগ্রিনের পরিচালক ডন, ওজোপাডিকোর কর্মকর্তা সোয়াইব হোসেনসহ স্থানীয় কর্মকর্তারা।
সাইমার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের অপারেশনস ডিরেক্টর সাইমা সাজেদুল করিম জানান, বিশেষ এই ফোল্ডিং প্রযুক্তির ফলে প্যানেলগুলো প্রয়োজনে একপাশে সরিয়ে হ্যাচারির ট্যাংকগুলো সহজেই শুকানো সম্ভব। এছাড়া প্রকল্পের শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ ব্যবস্থা থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ না থাকলেও হ্যাচারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকবে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আজিজুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে। ওশান হ্যাচারির মতো বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবে, যা দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ সফল হলে দেশের মৎস্য ও চিংড়িশিল্পে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে এটি একটি অনুকরণীয় মডেল হবে।

