ঢাকার নবাবগঞ্জে ১৯ বছর বয়সী অটোরিকশাচালক রাহুল হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের দীর্ঘ দুই বছর পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই জানিয়েছে, ইয়াবা বিক্রির তথ্য ফাঁস করে দেওয়ার আশঙ্কায় পূর্বপরিচিত ব্যক্তিরাই সুপরিকল্পিতভাবে রাহুলকে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনতাই করেছিল। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে দুজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সবুজ মিয়া (২৮), মো. লালন মোল্লা (৪৩), মো. সমেজ (৩২), খবির ওরফে গোবিন্দ (২৮) এবং মো. হাবিব ওরফে সজল (৩৬)। তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই মো. আব্দুর রহিম গত মার্চে প্রথমে নবাবগঞ্জের পাতিলঝাপ এলাকা থেকে সমেজকে গ্রেপ্তার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। সবুজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে খবির, হাবিব ও লালন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে লালন মোল্লাও আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আজ উত্তরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার তদন্ত তদারক কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পুলিশ সফল এম এন মোর্শেদ হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, নিহত রাহুল ও গ্রেপ্তার আসামিরা একে অপরের পূর্বপরিচিত ছিলেন। ইয়াবা কেনাবেচা ও সেবনের সূত্র ধরে তাঁদের মধ্যে পরিচয় গড়ে ওঠে। লালন মোল্লা মূলত ইয়াবার কারবার করতেন এবং রাহুলসহ অন্যরা তাঁর কাছ থেকে ইয়াবা কিনে একসঙ্গে সেবন করতেন। একপর্যায়ে রাহুল এই ইয়াবা বিক্রির তথ্য বাইরে ফাঁস করে দেওয়ার কথা সবুজকে জানান। সবুজ বিষয়টি লালনকে জানালে আসামিরা রাহুলকে হত্যার এবং তাঁর অটোরিকশা ছিনিয়ে নিয়ে বিক্রি করার পরিকল্পনা করেন।
পিবিআই জানায়, পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাতে লালন আসামি সবুজের মাধ্যমে রাহুলকে তাঁর অটোরিকশাসহ নবাবগঞ্জের তমসেল মাদবরের খোলা মাঠে ডেকে নেন। সেখানে আগে থেকেই লালন, সজল, সমেজ ও গোবিন্দ উপস্থিত ছিলেন। প্রথমে তাঁরা রাহুলকে ইয়াবা সেবন করান। এরপর সুযোগ বুঝে লালন লোহার অ্যাঙ্গেল দিয়ে রাহুলের মাথার পেছনে আঘাত করেন, এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরে রাহুলের কান ও মুখে ব্লেড দিয়ে এবং অটোরিকশার ব্যাটারি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। সবশেষে শ্বাসরোধ করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।
হত্যার পর রাহুলের মরদেহ অটোরিকশায় বসিয়ে সজলের গরুর খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশটি দুই দিন লুকিয়ে রাখা হয় এবং অটোরিকশাটি বিক্রি করে দেওয়া হয়। পরে ৯ ফেব্রুয়ারি রাত ১টার পর মরদেহটি নবাবগঞ্জের চক সিংহড়া এলাকার ওমর ফারুকের অটোরিকশা রাখার ওয়ার্কশপের পাশে ফেলে দেওয়া হয়। ওই দিন সকাল ৯টার দিকে ভুট্টা খেতের আইলের ঝোপ থেকে রাহুলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত রাহুলের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার চক সিংহড়া এলাকায়। তিনি ভাড়া করা অটোরিকশা চালাতেন এবং রাতে সেটি ওমর ফারুকের ওয়ার্কশপে রেখে সেখানেই ঘুমাতেন। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রাহুল রাতের খাবার খেয়ে ওই ওয়ার্কশপে ঘুমাতে যান। পরদিন তিনি বাড়ি না ফেরায় এবং তাঁর মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। পরে ৯ ফেব্রুয়ারি লাশ উদ্ধারের পর তাঁর বাবা মো. আবদুর রহমান বাদী হয়ে নবাবগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। প্রথমে থানা-পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে এটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

