সীতাকুণ্ডে কারাগারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক, পাশে দাঁড়িয়েছে কৃষি অফিস

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. আইয়ুব আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষি অফিস। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকায় আইয়ুব আলীর বাড়িতে যান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমানসহ অফিসের কয়েকজন কর্মকর্তা। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের সান্ত্বনা দেন এবং উদ্ভূত পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে আইয়ুব আলীর আইনজীবীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি সহযোগিতার উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তাঁরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, আইয়ুব আলীর পরিবারে তাঁর স্ত্রী ও ছোট দুটি সন্তান ছাড়া আর কেউ নেই। প্রতিবছর তিনি কয়েক একর জমিতে আগাম সবজি চাষ করেন। তিনি কারাগারে থাকায় এবার তাঁর কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান বলেন, মানবিক কারণে তাঁরা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। ছোট দুই সন্তানকে নিয়ে পরিবারটি চরম সংকটে পড়েছে। তাই তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে, গত ৬ অক্টোবর মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকায় সারবোঝাই দুটি ট্রাক থামানোকে কেন্দ্র করে আইয়ুব আলীসহ দুজনের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়। স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে আইয়ুব আলীও ওই ট্রাক দুটি থামিয়েছিলেন।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সারগুলো আদালতের নির্দেশনার ভিত্তিতে থানা প্রাঙ্গণে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বৈধ নিলামে কেনা হয়েছিল। মালিকের কাছে নিলামের প্রয়োজনীয় কাগজপত্র ছিল এবং সেই কাগজপত্রের ভিত্তিতেই সারগুলো সন্দ্বীপে নেওয়া হচ্ছিল। তবে উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান জানান, ট্রাক দুটি থামানোর সময় চালকদের কাছে সারের মালিকানা বা পরিবহনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে পুলিশ একটি নিলামের কাগজ হাজির করে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফরু মারমাও জানিয়েছেন, গুলিয়াখালীর ওই সার নিলামের বিষয়ে কৃষি বিভাগকে আগে থেকে কিছুই জানানো বা অবহিত করা হয়নি। কৃষি কর্মকর্তা কল্পনা রহমান আরও জানান, দুই ট্রাক সার সন্দ্বীপে যাওয়ার কথা থাকলেও সেখানে পৌঁছানোর কোনো তথ্য পাওয়া যায়নি। সারগুলো শেষ পর্যন্ত কোথায় গেছে, সে সম্পর্কেও কৃষি বিভাগের কাছে কোনো তথ্য নেই। ফলে নিলামের পর সার কার কাছে হস্তান্তর করা হয়েছিল এবং নির্ধারিত গন্তব্যে না পৌঁছালে সেগুলোর চূড়ান্ত অবস্থান কোথায়, তা এখনো অস্পষ্ট রয়ে গেছে।