ভারতে স্টারলিংক প্রবেশে বাধা নিয়ে মাস্কের অভিযোগ খারিজ সরকারের

ভারতে স্টারলিংকের বাণিজ্যিক পরিষেবা চালুর ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক। বুধবার মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে মাস্ক অভিযোগ করেন, কিছু নির্দিষ্ট অলিগার্ক বা প্রভাবশালী গোষ্ঠী নিজেদের একচেটিয়া ব্যবসায়িক স্বার্থ বজায় রাখার লক্ষ্যে ভারতে স্টারলিংকের কার্যক্রম শুরু হতে দিচ্ছে না।

তবে মাস্কের এই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে স্যাটেলাইট যোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছ, ন্যায্য এবং বৈষম্যহীন অনুমোদন কাঠামো অনুসরণ করা হয়।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রতি সরকার কোনো ধরনের বৈষম্য করছে না। বরং লাইসেন্স পাওয়ার পর যেকোনো কোম্পানিকে নির্ধারিত নিরাপত্তা শর্তাবলী পূরণ করতে হয়। বর্তমানে ভারতে স্টারলিংকসহ তিনটি প্রতিষ্ঠানকে জিএমপিসিএস (গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট) লাইসেন্স প্রদান করা হয়েছে। অন্য দুটি প্রতিষ্ঠান হলো ভারতী গ্রুপ-সমর্থিত ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং জিও প্ল্যাটফর্মসের মালিকানাধীন জিও স্যাটেলাইট কমিউনিকেশনস। এছাড়া জেফ বেজোসের অ্যামাজন লিও-ও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত সব প্রতিষ্ঠানেরই নিরাপত্তা মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো প্রতিষ্ঠানের এই প্রক্রিয়া শেষ হলে তারা পরবর্তী ধাপে স্পেকট্রাম বরাদ্দের জন্য আবেদন করতে পারবে। স্টারলিংক এক বছরেরও বেশি সময় আগে প্রয়োজনীয় লাইসেন্স পেলেও এখনো বাণিজ্যিক সেবা শুরুর চূড়ান্ত অনুমোদন পায়নি। ফলে স্টারলিংককে ইচ্ছাকৃতভাবে আটকে রাখার অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে মন্ত্রণালয়।

এর আগে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ স্পেসএক্সের স্টারলিংক বিজনেস অপারেশনের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার জানিয়েছিলেন, ভারতে সেবা চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তারা প্রস্তুত করেছেন। তিনি দাবি করেন, ভারতের জন্য ২০টি গেটওয়ে সাইট স্থাপন করা হয়েছে এবং ভারতীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রক শর্ত মেনে ব্যবহারকারীদের তথ্য দেশের ভেতরেই রাখার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর বিষয়টি মূলত ভারতের নিরাপত্তা যাচাই ও স্পেকট্রাম বরাদ্দের পরবর্তী ধাপের ওপর নির্ভর করছে।