রাজশাহীর যেসব এলাকায় আজ সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের পক্ষ থেকে বুধবার (৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এই নিরাপত্তার খাতিরেই বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা, সাহাপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকা।

পরবর্তীতে একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আরও সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটিসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

তবে নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।