মানুষের মন ও মানসিকতা প্রতিনিয়ত পরিবর্তনশীল। চারপাশের পরিস্থিতি ও নানা ঘটনার প্রভাবে মানুষের মন বারবার রূপ বদলায়। এ কারণেই মানুষের মনের সার্বক্ষণিক যত্ন, সঠিক নজরদারি, শিক্ষা, আত্মশুদ্ধি ও নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহতায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, 'পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে ও প্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস।' (সুরা নাজিয়াত : ৪০-৪১)।
হৃদয়ের এই দ্রুত পরিবর্তনের বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসেও স্পষ্টভাবে উঠে এসেছে। মিকদাদ ইবনে আসওয়াদ (রা.) বলতেন, তিনি কারও শেষ পরিণতি না দেখা পর্যন্ত তার ব্যাপারে ভালো বা মন্দ কোনো মন্তব্য করেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন যে, আদম সন্তানের হৃদয় ফুটন্ত হাঁড়ির পানির মতোই দ্রুত উল্টে-পাল্টে যায় ও পরিবর্তিত হয় (মুসনাদে আহমদ)। এই পরিবর্তনশীলতার কারণেই হয়তো এক কবি বলেছিলেন, মানুষ সবসময় ভুলে যায় বলেই তাকে 'ইনসান' বলা হয়, আর হৃদয় বারবার পরিবর্তিত হয় বলেই একে 'হৃদয়' বা 'কালব' নামে অভিহিত করা হয়।
উম্মে সালামা (রা.)-এর একটি বর্ণনা থেকে জানা যায়, আল্লাহর রাসুল (সা.) যখন তাঁর ঘরে থাকতেন, তখন তিনি একটি দোয়া সবচেয়ে বেশি পাঠ করতেন। দোয়াটি হলো— 'হে অন্তর পরিবর্তনকারী, আমার হৃদয়কে তোমার দ্বীনের ওপর স্থির রাখো।' উম্মে সালামা (রা.) এর কারণ জানতে চাইলে রাসুল (সা.) বলেন, মানুষের হৃদয় আসলে আল্লাহর দুটি আঙুলের মাঝে থাকে। তিনি যাকে ইচ্ছা দ্বীনের ওপর দৃঢ় রাখেন, আর যাকে ইচ্ছা পথভ্রষ্ট করে দেন (তিরমিজি : ৩৫২২)।
মানুষের জীবনের অন্যতম বড় একটি ব্যাধি ও বিপদের নাম হলো 'গাফলত' বা অলসতা ও উদাসীনতা। এটি এমন এক মানসিক অবস্থা যা মানুষের মূল্যবান সময় অপচয় করে, জীবনীশক্তি নিঃশেষ করে এবং হৃদয়কে মৃতপ্রায় করে দেয়। গাফলতের মূল রূপ হলো আল্লাহকে ভয় না করা, ইবাদত-বন্দেগি থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সৃষ্টির মূল উদ্দেশ্য ভুলে যাওয়া এবং আখিরাতের হিসাব-নিকাশের দিনের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ না করা। এই উদাসীনতা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে পাপের সাগরে ডুবিয়ে রাখে। আল্লাহতায়ালা বলেন, 'অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার বহু নিদর্শন সম্বন্ধে গাফিল।' (সুরা ইউনুস : ৯২)। সুরা রুমের ৬-৮ নম্বর আয়াতে আল্লাহ আরও সতর্ক করেছেন যে, অধিকাংশ মানুষ পার্থিব জীবনের কেবল বাহ্যিক দিকটাই দেখে, কিন্তু তারা আখেরাত সম্পর্কে সম্পূর্ণ গাফিল।
শয়তানের প্ররোচনা ও মানুষের নিজের দুর্বলতার কারণে কখনো কখনো ভুলে যাওয়া বা অলসতা তৈরি হতে পারে। তবে এই অবস্থায় ক্রমাগত ডুবে থাকা মারাত্মক বিপদ ডেকে আনে। কোনো মুমিন যদি কখনো গাফলতে পতিত হন, তবে তার উচিত অবিলম্বে আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় নেওয়া। সুরা আরাফের ২০০-২০২ নম্বর আয়াতে বলা হয়েছে, শয়তানের প্ররোচনা অনুভব করার সাথে সাথেই যারা আল্লাহকে স্মরণ করে, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়।
গাফিল মানুষের একটি বড় বৈশিষ্ট্য হলো, তারা তওবা ও ইবাদতকে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে। তারা মনে করে সামনে অনেক সময় পড়ে আছে, অথচ সময় ঠিকই ফুরিয়ে যায়। এই গাফিলতির পেছনে বড় কারণ হলো পরকালের ভয় না থাকা। সুরা ইউনুসের ৭-৮ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা পার্থিব জীবনেই সন্তুষ্ট এবং আল্লাহর নিদর্শনাবলি সম্পর্কে গাফিল, তাদের আবাসস্থল হলো দোজখ।
এছাড়া অবসর সময়কে মূল্যায়ন না করাও গাফিলতির আরেকটি বড় কারণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'দুটি নিয়ামত আছে, যেগুলোর ব্যাপারে অনেক মানুষ প্রতারিত হয়: সুস্থতা ও অবসর।' (বোখারি : ৬৪১২)। কিয়ামতের দিন বান্দাকে তার জীবন ও যৌবন কীভাবে অতিবাহিত করেছে, সে বিষয়ে অবশ্যই জবাবদিহি করতে হবে (তিরমিজি : ২৪১৬)। পাশাপাশি উদাসীন মানুষের সাথে মেলামেশাও মানুষকে গাফিল করে তোলে। তাই সুরা কাহফের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাঁর নবীকে নির্দেশ দিয়েছেন যেন তিনি নিজেকে তাদের সংসর্গে রাখেন যারা সকাল-সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে এবং যারা নিজেদের খেয়াল-খুশির অনুসরণ করে তাদের আনুগত্য না করেন।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল ফোন, টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার গাফলতের এক বিশাল দরজা খুলে দিয়েছে। মানুষ এগুলোতে ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় করে গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। এর ফলে কুরআন তিলাওয়াত, দ্বীনি জ্ঞানার্জন বা আল্লাহর দরবারে একান্তে কাঁদার সময়টুকুও হারিয়ে যাচ্ছে। অথচ মহান আল্লাহ সাবধান করে বলেছেন, 'মানুষের হিসেব-নিকাশের সময় আসন্ন, কিন্তু এরা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।' (সুরা আম্বিয়া : ১-৩)।

