আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশকে সম্পূর্ণ পথশিশু ও ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার সকালে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। 'শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ' শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মন্ত্রী শিশুদের যত্ন ও সামগ্রিক বিকাশে তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, পথশিশুদের পুনর্বাসন ও কল্যাণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি পৃথক বিভাগ রয়েছে, যা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডা. জাহিদ হোসেন বলেন, শিশুদের জন্য কেবল পড়াশোনার সুযোগ নিশ্চিত করাই যথেষ্ট নয়, বরং তাদের মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ওপরও সমান গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের এই সুযোগের আওতায় নিয়ে আসতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে সুবিধাপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত— উভয় শ্রেণির শিশুদের একই ছাতার নিচে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। রাস্তায় থাকা শিশু এবং সাধারণ পরিবারের শিশু সবার প্রশিক্ষণ, শিক্ষা ও বিকাশের ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে কোনো শিশুই নিজেকে পিছিয়ে পড়া মনে করবে না। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে 'পিছিয়ে পড়া জনগোষ্ঠী' কথাটি যেন আর কখনো ব্যবহার করতে না হয়।
পাহাড় ও সমতলের মানুষসহ ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, শিশুদের ভবিষ্যৎ গঠনে তাদের চারপাশের পরিবেশ সুরক্ষিত রাখা জরুরি। শিশু নির্যাতন ও সহিংসতার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, কেবল আইন দিয়ে এটি বন্ধ করা সম্ভব নয়, বরং সমাজকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা শুধু শিশু একাডেমি বা মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয়, এটি দেশের সব শ্রেণি-পেশার মানুষের একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব।
সেমিনারে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগম।

