রাঙ্গামাটিতে পুলিশের এক বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের সাবেক এক নেতাসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলও রয়েছেন, যার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে শহরের রাজবাড়ি এলাকা থেকে ৩২ বছর বয়সী মঈন উদ্দিন শাকিলকে গ্রেপ্তার করা হয়। একই দিন সকালে শহরের অন্য এলাকাগুলোতে অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ১০ জনের মধ্যে কয়েকজন মাদক কারবারি এবং কয়েকজন মাদকসেবী।
গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন—তবলছড়ি এলাকার মো. ফারুক (৪৮), স্বর্ণটিলা এলাকার মো. ইলিয়াস রনি (২৮) ও মো. নাজিম উদ্দিন (২৪), রিজার্ভবাজার এলাকার জাহেদ (২২), পুরাতন হাসপাতাল এলাকার মোসলেম খাঁ ভূট্রো (৫৫), রিজার্ভবাজার এলাকার মো. তালাশি (৩৫), স্বর্ণটিলা এলাকার মো. আবু তালেব (৩৪), শান্তিনগর এলাকার মো. হাসান সুজন (৩০), ওয়াপদা কলোনির মো. নিশান (৩১) এবং সদর উপজেলার বালুখালী ইউনিয়নের নমনী পাড়ার বাসিন্দা বাঁশি চাকমা (৩৫)।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

