ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ঘটা এই হামলায় জাহাজটির অন্তত ১২ জন ক্রু সদস্য আহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আহতদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক।
হামলার শিকার জাহাজটির নাম এমটি অন পিস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটিতে মোট ১৯ জন ক্রু কর্মরত ছিলেন, যাদের মধ্যে ১৭ জনই ভারতীয়। ওমানের কর্তৃপক্ষ হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে আহত নাবিকদের উদ্ধার করে। বর্তমানে তাদের ওমানের খাসাব শহরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘আঞ্চলিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর একের পর এক হামলা গভীর উদ্বেগের বিষয়’। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার জন্য কারা দায়ী বা ঠিক কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভারত সরকার এখন পর্যন্ত হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে দায়ী করেনি।

