ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা পরানোর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভাস্কর্যটির মাথার অংশে জুতার মালা ঝোলানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা রঙের ভাস্কর্যটির মাথার অংশে রশি দিয়ে জুতার মালাটি ঝোলানো হয়েছে। এতে ভাস্কর্যের ডান পাশে দুটি এবং বাম পাশে তিনটি জুতা বা স্যান্ডেল দেখা যায়। বিষয়টি নজরে আসার পর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লোক পাঠিয়ে ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারণ করা হয়। তবে এই ন্যক্কারজনক কাজটি কে বা কারা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, তারা ফেসবুকের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত করছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে এ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান, পুলিশকে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান বলেন, সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখার পর তিনি কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান এবং ভাস্কর্যে জুতার মালা দেখতে পান। পরবর্তীতে সেটি সরিয়ে ফেলা হয়। তিনি আরও জানান, বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

