বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বর্তমান সরকারের কাছে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত। সোমবার (৫ অক্টোবর) সকালে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ’ বা জরুরি পরিস্থিতি মোকাবিলার মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি আধুনিক ও নিরাপদ এভিয়েশন হাব গড়ে তোলার লক্ষ্যে অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। গত বছরের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ফলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও দেশের ভাবমূর্তির সংকট তৈরি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

নিরাপত্তা জোরদারে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। অচিরেই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর অডিট অনুষ্ঠিত হবে। এই অডিটের পর্যবেক্ষণগুলো যথাযথভাবে পরিপালন করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

নিরাপত্তা প্রোটোকলের বিষয়ে মন্ত্রী কঠোর বার্তা দিয়ে বলেন, ভিআইপি ও সিআইপিসহ বিমানবন্দরে যাতায়াতকারী সবার জন্য নিরাপত্তা প্রোটোকল সমান হতে হবে। কোনো ক্ষেত্রেই প্রোটোকল অনুসরণে ছাড় দেওয়া হবে না। এছাড়া বিমানবন্দরে অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন রোধে এন্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত স্থাপনা, তাই এখানে নিরাপত্তা নিশ্চিতে স্ক্যানারসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতির সংখ্যা পর্যাপ্ত রাখতে হবে।

দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফায়ার সার্ভিস, এয়ারপোর্ট অপারেশনস, নিরাপত্তা বিভাগ ও মেডিকেল টিমের মধ্যে সমন্বয় ও তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সই করা হবে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করাই বিমানবন্দরের মূল লক্ষ্য এবং এক্ষেত্রে সরকারের নীতি হবে ‘জিরো কম্প্রোমাইজ’। মহড়া শেষে প্রাপ্ত সুপারিশসমূহ বাস্তবায়নের মাধ্যমে জরুরি ব্যবস্থাপনা সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।