সব নাগরিকের জন্য নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেছেন, নাগরিকদের জন্য কেবল একটি বাসস্থান গড়ে তোলাই যথেষ্ট নয়, বরং সেটিকে নিরাপদ ও টেকসই করা বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব বসতি দিবস কেবল একটি ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি জড়িত। প্রকৃত অর্থে টেকসই আবাসনের সঙ্গে নিরাপদ পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, গণপরিবহণ ও উন্নত সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা এবং পর্যাপ্ত কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলো যুক্ত। সর্বোপরি মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বাংলাদেশের মতো একটি জনবহুল রাষ্ট্রে সব নাগরিকের জন্য এমন নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং, যা উন্নত বিশ্বের জন্য অনেক সহজ। তবে এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে আমাদের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের শহর, বন্দর ও নগরগুলোতে প্রতিনিয়ত মানুষের সংখ্যা ও বসতি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, রাজধানী ঢাকা বর্তমানে অতিরিক্ত জনবহুল এবং দেশের অন্যান্য বড় শহরগুলোর অবস্থাও প্রায় একই রকম। শহরাঞ্চলে স্বাভাবিক ক্ষমতার চেয়েও কয়েক গুণ বেশি মানুষ বসবাস করছেন।
এমন বাস্তবতায় ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ধারণাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শহরগুলোতে সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। তবে দেশের বিদ্যমান পরিস্থিতিতে এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন অত্যন্ত কঠিন কাজ। তবুও ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ নিশ্চিত করতে বর্তমান সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
তারেক রহমান বলেন, সবার জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশসম্মত, নিরাপদ ও মৌলিক সেবা-পরিষেবা সম্বলিত আবাসন নিশ্চিত করা নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বাসযোগ্য, নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। পরিকল্পিত নগরায়ণ ও আবাসন নিশ্চিত করা এবং সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থান সুবিধা প্রদান বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার।
এই লক্ষ্য অর্জনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, সুপরিকল্পিত নগরায়ণের উদ্দেশ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এর ফলে একদিকে যেমন অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল ও টেকসই নগর গড়ে তোলা সম্ভব হবে, অন্যদিকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ১১ নম্বর অভীষ্ট লক্ষ্য অর্জন করাও সহজ হবে।
শহরাঞ্চলে জনসংখ্যার অতিরিক্ত চাপ কমাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়িয়ে শহরাঞ্চলে মানুষের চাপ কমানোর পরিকল্পনাকে সরকার একটি কার্যকর বিকল্প মনে করে। এই পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীভূত নগরায়ণের বাইরে এসে দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য কেন্দ্রীভূত নগরায়ণ নয়, বরং বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ নগর ও আঞ্চলিক উন্নয়ন। এ লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সারাদেশের জন্য স্থানিক পরিকল্পনা প্রণয়ন এবং ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাসযোগ্য আবাসন তৈরির ক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতি ও পরিবেশকে অগ্রাধিকার দিয়েই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তোলা হচ্ছে। সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আমাদের সামনে নানা রকম চ্যালেঞ্জ ও সম্ভাবনা তৈরি করেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতেও নগর এলাকার সংকট মোকাবিলায় এবং সর্বজনীন বাসস্থান নিশ্চিত করতে সরকার দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
শহরাঞ্চলের আবাসন সংকট মোকাবিলা সরকারের একার পক্ষে কষ্টসাধ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বেসরকারি উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এই পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। নাগরিকদের মৌলিক অধিকার বাস্তবায়নে ব্লকভিত্তিক আবাসন উৎসাহিত করার পাশাপাশি এলাকাভিত্তিক পার্ক, খেলার মাঠ স্থাপন এবং নির্ধারিত জোনে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সরকার পর্যায়ক্রমে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হলে ‘সবার জন্য নিরাপদ বাসস্থান’ একদিন দেশের নাগরিকদের জন্য বাস্তবতায় রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

