চট্টগ্রাম নগরে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ সদস্য আল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নগর পুলিশে পিএমও শাখায় কর্মরত ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল রোববার সকালে নগরের ওয়াসা মোড়ে দায়িত্ব পালনকালে একটি বাসের ধাক্কায় তিনি আহত হন। পুলিশ জানায়, ঘটনার দিন সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ে একটি তল্লাশিচৌকিতে আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনজনকে সন্দেহজনকভাবে হেঁটে যেতে দেখে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিরণ মিয়া মসজিদের উত্তর গেটের দিকে এবং কনস্টেবল আল আমিন মোটরসাইকেলে করে পশ্চিম গেটের দিকে এগিয়ে যান।
পুলিশের ভাষ্যমতে, মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেওয়ার সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস কনস্টেবল আল আমিনকে পেছন থেকে ধাক্কা দেয়। বাসটি মোটরসাইকেলসহ আল আমিনকে প্রায় ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়। সহকর্মীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বাসটির চালক মো. মোশারফ (৩৮) ও সহকারী জয় দাশকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

