ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) হালাল সনদ শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু ছালেহ পাটোয়ারীকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়েছে। তাকে নরসিংদী জেলা কার্যালয়ে উপপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে সংযুক্ত করা হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির সচিব শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হালাল সনদ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার প্রেক্ষিতে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘Halal for Export Diversification’ শীর্ষক একটি কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রস্তুতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই অনিয়মের বিষয়টি তুলে ধরেন। তারা অভিযোগ করেন, হালাল সনদ পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ গ্রহণ, হয়রানি এবং অপ্রয়োজনীয় শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।
ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন অভিযোগ আসার পর বিষয়টি প্রাথমিকভাবে পর্যালোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম মুফতি মহিবুল্লাহ হিল বাকি। প্রাথমিক পর্যালোচনার পরই অভিযুক্ত কর্মকর্তা আবু ছালেহ পাটোয়ারীকে স্ট্যান্ড রিলিজ করে নরসিংদীতে বদলি করা হয়।
এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
বদলি সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ড. মো. আবু ছালেহ পাটোয়ারীকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের সমস্ত দেনা-পাওনা পরিশোধ অথবা সমন্বয় করে অবমুক্ত হতে হবে এবং নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৩০ জুলাই বিকেল থেকেই তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন। এছাড়া, প্রশাসন বিভাগ কর্তৃক গত ২০২৫ সালের ১৬ অক্টোবরের জারি করা এক আদেশে তাকে দেওয়া উপপরিচালকের চলতি দায়িত্বও বাতিল করা হয়েছে।

