ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর ফেরার আশায় নেতানিয়াহু

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারোর প্রতি প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল যখন ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তখন ফ্লাভিওর সম্ভাব্য জয়কে তেল আবিব কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। সাও পাওলোতে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে নেতানিয়াহুর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। ওই বার্তায় তিনি ফ্লাভিওকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করে ব্রাজিল ও ইসরায়েলের বন্ধুত্বের সমর্থক হিসেবে তার প্রশংসা করেন।

ফ্লাভিও বলসোনারো ক্ষমতায় আসতে পারলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ব্রাজিলের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া এবং ইসরায়েলকেন্দ্রিক ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এ যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে ধর্মীয় ভবিষ্যদ্বাণীর সাথে যুক্ত করে দেখার মতো দৃষ্টিভঙ্গিও তার রাজনীতির অংশ। সাও পাওলোর ফেডারেল ইউনিভার্সিটি অব উবেরল্যান্ডিয়ার অধ্যাপক ডেভিড ম্যাগালহায়েসের মতে, ফ্লাভিওর জয় নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে লাভবান করবে। বিশেষ করে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ও আন্তর্জাতিক চাপের মুখে ব্রাজিলের মতো একটি বড় দেশের সমর্থন তাদের জন্য তাৎপর্যপূর্ণ।

তবে ব্রাজিলে ইসরায়েলের প্রভাব কেবল বলসোনারো পরিবারের সময় থেকে শুরু হয়নি। কয়েক দশক ধরে দেশটির সামরিক বাহিনী, পুলিশ, প্রতিরক্ষা শিল্প ও ইভানজেলিক্যাল রাজনীতির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বিদ্যমান। ২০০০-এর দশকের শুরু থেকে ইসরায়েলি অস্ত্র কোম্পানিগুলো ব্রাজিলের প্রতিরক্ষা খাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। গবেষকদের মতে, বলসোনারো সেই সম্পর্কের সূচনা করেননি, বরং বিদ্যমান কাঠামোকে আরও শক্তিশালী করেছেন। ফলে কোনো সরকারের পক্ষেই এই সামরিক ও প্রযুক্তিগত নির্ভরতা দ্রুত ছিন্ন করা সহজ নয়।

বর্তমান লুলা সরকার ইসরায়েলের ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন অবস্থান গ্রহণ করেছে। লুলা গাজায় ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার চেষ্টার সমালোচনা করেছেন। দক্ষিণ আফ্রিকার করা আন্তর্জাতিক বিচার আদালতের মামলায় ব্রাজিল যোগ দিয়েছে এবং ২০২৪ সালে তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। তবে সামরিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি; ২০২৪ সালে ব্রাজিলের সামরিক বাহিনী ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিটের সঙ্গে ২১ কোটি ডলারের অস্ত্রচুক্তি করলে লুলা তা স্থগিত করেন, পুরোপুরি বাতিল করেননি।

বলসোনারো পরিবারের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতার আরেকটি উদাহরণ তার ছেলে এদুয়ার্দো বলসোনারো। ২০২৫ সালে ব্রাজিলে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু হলে, এদুয়ার্দো ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলির সাথে যোগাযোগ করে তদন্ত বন্ধের জন্য চাপ প্রয়োগ করেন এবং পরবর্তীতে তদন্তটি বন্ধ হয়ে যায় বলে তিনি দাবি করেন। ব্রাজিলের পার্লামেন্টে সামরিকপন্থী ‘বুলেট’, কৃষি ব্যবসার ‘বিফ’ এবং ইভানজেলিক্যালদের ‘বাইবেল’—এই ‘থ্রি বি’ জোটের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন বেশ দৃশ্যমান। দেশটিতে প্রায় চার কোটি ইভানজেলিক্যাল ভোটার রয়েছেন।

নির্বাচনের প্রধান ইস্যু ইসরায়েল-ফিলিস্তিন না হলেও, আন্তর্জাতিক এই ইস্যু রাজনৈতিক আনুগত্যকে আরও দৃঢ় করতে পারে বলে মনে করেন সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেলিসিয়ানো দে সা গিমারায়েস। যদিও পিউ গবেষণায় দেখা গেছে, ব্রাজিলের অর্ধেকের বেশি মানুষের ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে এবং ৬০ শতাংশের বেশি মানুষ নেতানিয়াহুর ওপর আস্থা রাখেন না। তবুও এই নির্বাচন কেবল ক্ষমতার লড়াই নয়, বরং দেশটির পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনার পরীক্ষা। লুলার সমালোচনামুখী অবস্থানের বিপরীতে ফ্লাভিও বলসোনারো প্রকাশ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, যার ফলে গাজা যুদ্ধের এই সময়ে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র ফিরে পাওয়ার আশায় তাকিয়ে আছে ব্রাজিলের নির্বাচনের দিকে।