মুক্তিযোদ্ধাদের দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর মরদেহ দাফন, সৎকার এবং পরিবহনের তাৎক্ষণিক খরচ মেটানোর জন্য বড় অঙ্কের আর্থিক বরাদ্দ দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে এ উদ্দেশ্যে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা মঞ্জুর করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক আদেশে এই অর্থ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়, যা ৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে এই অর্থ ছাড় করা হবে। কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ট্রেজারি থেকে যথাযথ বিলের মাধ্যমে এই টাকা উত্তোলন করতে পারবেন। চলতি অর্থবছরের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবে অনুদান হিসেবে বরাদ্দ করা ১৮ কোটি টাকা থেকে এই সাড়ে ৯ কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরাদ্দের অর্থ ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে মন্ত্রণালয়। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ সৎকার, সমাহিত করা এবং মরদেহ পরিবহন ছাড়া অন্য কোনো খাতে এই অর্থ কোনোভাবেই ব্যয় করা যাবে না। এছাড়া, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি যাবতীয় আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে সম্পূর্ণ দায়ী থাকতে হবে।

আদেশে আরও জানানো হয়, আগামী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে বরাদ্দকৃত অর্থের কোনো অংশ অব্যয়িত থাকলে, তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য সিস্টেম অ্যানালিস্টকে অনুরোধ জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট শাখার উপসচিব ডা. মু. আসাদুজ্জামান এই আদেশে স্বাক্ষর করেছেন।