মনপুরায় ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলায় ডেঙ্গু ও পানিবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে নেওয়া এই কর্মসূচি আগামী তিন মাস প্রতি শনিবার নিয়মিতভাবে চালানো হবে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা শাখার সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় মনপুরা উপজেলা প্রশাসনের অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা তরিক চন্দ্র শীল বলেন, ডেঙ্গু ও পানিবাহিত রোগ মোকাবিলায় পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোয়েব বলেন, কেবল প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। সবাই সচেতন হলে এসব রোগের বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।