ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী একটি বাসের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১২ জন যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দিগন্ত পরিবহনের বাসটি কসবা উপজেলার কুটি থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। গোলাসার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাস থেকে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

