উচ্ছেদের পর ফাঁকা মিরপুর ১০ নম্বর, নেই হোপ মার্কেট

রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকের অ্যাভিনিউ-২ সড়ক এখন সম্পূর্ণ অচেনা এক রূপ নিয়েছে। শুক্রবার বিকেলে পানির ট্যাংক এলাকায় এসে থামল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। রিকশা থেকে নামার আগে দুই নারী আরোহী চারদিকে তাকিয়ে কিছুটা দ্বিধায় পড়লেন। কারণ, যে চিরচেনা সড়ক ও ফুটপাতজুড়ে প্রতিনিয়ত হকার ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের ভিড় থাকত, সেখানে এখন কোনো দোকানপাটের চিহ্নই নেই। চারপাশ এতটাই ফাঁকা যে তাঁরা নিজেদের গন্তব্য মেলাতেই হিমশিম খাচ্ছিলেন। পরে ভাড়া মিটিয়ে তাঁরা রিকশা থেকে নামেন।

খোঁজ নিয়ে জানা গেল, শেওড়াপাড়ার একটি ছাত্রীনিবাসে থাকা সুরাইয়া মিম ও নওশীন জাহান নামের এই দুই শিক্ষার্থী মূলত মিরপুর ১০-এর হোপ মার্কেটে কাপড় কিনতে এসেছিলেন। গত বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানের খবরটি তাঁদের জানা ছিল না। হোপ মার্কেটে এসে কেনাকাটা করতে না পেরে তাঁরা কিছুটা আক্ষেপ প্রকাশ করলেও, সড়ক ও ফুটপাতের এমন সুন্দর ও ফাঁকা অবস্থা দেখে বেশ খুশি হয়েছেন। সুরাইয়া মিম বলেন, এত দিন এই সড়ক যে এতটা প্রশস্ত এবং পাশে হাঁটার জন্য ফুটপাত আছে, তা বোঝারই কোনো উপায় ছিল না। নওশীন জাহানও যোগ করে বলেন, ফুটপাত ও সড়কজুড়ে হকারদের দখলের কারণে এখানকার বাসিন্দাদের কী পরিমাণ ভোগান্তি পোহাতে হতো, তা এখনকার ফাঁকা চিত্র দেখলেই স্পষ্ট বোঝা যায়।

এলাকাটিতে হোপ প্লাজা নামের একটি ভবনের আশপাশের সড়ক ও ফুটপাতে এত দিন যে ভাসমান বাজার বসত, সেটিই স্থানীয়ভাবে হোপ মার্কেট নামে পরিচিত ছিল। গত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেটের দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে নামেন ডিএনসিসির কর্মীরা। অভিযান চলাকালে হকার ও দোকানিদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ডিএনসিসির তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় হামলার শিকার হন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও। এই সংঘর্ষের ঘটনায় পরবর্তীতে পুলিশ ৩০ জনকে আটক করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তাঁর উপস্থিতিতেই মিরপুর ১০ থেকে মিরপুর ১৩ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতের সব ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ হওয়া এসব অস্থায়ী দোকানে মূলত নারী ও শিশুদের পোশাক, জুতা, অলংকার, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য বিক্রি হতো। পাশাপাশি ছিল ফুচকা, চটপটি ও ভাজাপোড়ার দোকানও।

অভিযানের আগে হোপ মার্কেটকে কেন্দ্র করে মিরপুর ১০ নম্বর সেকশনের বি ব্লকের ১১/১ ও ১১/২ নম্বর লেন, বায়তুল কুদ্দুস জামে মসজিদের পাশের ফুটপাত, মিরপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় এবং সি ব্লকের অ্যাভিনিউ-২-এর সড়ক ও ফুটপাতের একটি বড় অংশ হকারদের দখলে ছিল। ফুটপাতের সীমানাদেয়ালের সঙ্গে বাঁশ ও কাঠ বেঁধে পলিথিন ও ত্রিপলের ছাউনি দিয়ে দোকান বসানো হয়েছিল। এমনকি মূল সড়কের ভেতরেও দুই থেকে তিন সারিতে বসানো হয়েছিল অস্থায়ী দোকান। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, সি ব্লকের অ্যাভিনিউ-২ থেকে ৬ নম্বর লেন পর্যন্ত প্রায় ২০০ মিটার সড়কের দুই পাশের ফুটপাতের পুরোটাই হকারদের দখলে থাকত। শুক্রবার সেখানে গিয়ে দেখা যায়, ভেঙে দেওয়া দোকানের বাঁশ, কাঠ ও ত্রিপলের কিছু অংশ পড়ে থাকা ছাড়া আর কোনো দোকান অবশিষ্ট নেই। মাথার ওপরের সেই পলিথিনের ছাউনিও উধাও।

ফুটপাত ও সড়ক দখলমুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। ৪ বছরের ছেলে আফসারকে নিয়ে ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হাঁটছিলেন ফরিদা বেগম। ৬ নম্বর লেনের একটি বাসায় দুই বছর ধরে থাকা ফরিদা বলেন, আগে এই রাস্তা ও ফুটপাত দিয়ে হেঁটে চলার কোনো উপায় ছিল না। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার প্রচুর ভিড় থাকত। এখন কোনো বাধা ছাড়াই হাঁটতে পারছেন, এমনকি তাঁর ছেলেও নিজের মতো করে একা একা হাঁটছে।

হোপ মার্কেটের পাশের বি ব্লকের ১১/২ নম্বর লেনের বাসিন্দা রফিকুল ইসলাম নিজের স্বস্তি প্রকাশ করে বলেন, এতদিন তাঁরা কী পরিমাণ যন্ত্রণার মধ্যে ছিলেন, তা বলে বোঝানো যাবে না। এখন বাসা থেকে বের হয়ে শান্তি লাগছে। এই ফুটপাত ও সড়ক যেন আর কখনো অবৈধ দখলদারদের কবলে না পড়ে এবং এভাবে সবসময় দখলমুক্ত থাকে, সেজন্য সিটি করপোরেশনের নিয়মিত নজরদারির দাবি জানান তিনি।