খাবার, পানি এবং বাতাসের মাধ্যমে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক এখন মানুষের শরীরে প্রবেশ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মাইক্রোপ্লাস্টিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিয়মিত এটি শরীরে প্রবেশ করলে ডিএনএ এবং অঙ্গ-প্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি প্রজনন ক্ষমতা কমে যাওয়া বা কোষ নষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। পরিবেশবিদদের মতে, বর্তমান যুগে মাইক্রোপ্লাস্টিকের প্রবেশ পুরোপুরি ঠেকানো অসম্ভব, কারণ এটি খাবারের পাশাপাশি ত্বকের রন্ধ্র ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও শরীরে ঢুকতে পারে। তবে দৈনন্দিন জীবনে কিছু সচেতনতা অবলম্বন করলে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
প্রথমত, সব সময় পানি ফিল্টার করে পান করুন। টিউবওয়েলের পানিতে মাইক্রোপ্লাস্টিক থাকার সম্ভাবনা থাকে, যা ফিল্টার ব্যবহারের মাধ্যমে অনেকটাই ছেঁকে ফেলা সম্ভব। দ্বিতীয়ত, বাইরের প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন। প্লাস্টিকের পাত্রে গরম খাবার থাকলে তা থেকে প্লাস্টিক কণা খাবারে মিশে যাওয়ার উচ্চ ঝুঁকি থাকে। বাড়িতে রান্না করা খাবার খাওয়া অনেক বেশি নিরাপদ। তৃতীয়ত, খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিকের বদলে কাচ বা ধাতব পাত্র ব্যবহার করুন। প্লাস্টিকের পাত্র গরম হলে বা ভেঙে গেলে মাইক্রোপ্লাস্টিক খাবারে মিশতে পারে, কিন্তু কাচ বা ধাতব পাত্র খাবারকে দূষিত করে না।
চতুর্থত, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য যেমন গ্লাস, স্ট্র, বাটি বা ট্রে বর্জন করুন। প্যাকেটজাত খাবারে এ ধরনের প্লাস্টিকের ব্যবহার বেশি হয়, যা থেকে মাইক্রোপ্লাস্টিক ছড়ায়। পঞ্চম, সামুদ্রিক খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সমুদ্রের পানিতে থাকা প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক মাছের দেহে প্রবেশ করে, যা পরে মানুষের শরীরে পৌঁছায়। ষষ্ঠত, প্রসাধন সামগ্রী কেনার সময় উপকরণের তালিকা দেখে নিন। টুথপেস্ট, স্ক্রাব বা অন্যান্য প্রসাধনীতে পলিথিন বা পলিপ্রপিলিন জাতীয় উপাদান থাকলে তা ব্যবহার থেকে বিরত থাকুন। সবশেষে, সামগ্রিক জীবনযাত্রায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনাই এই ঝুঁকি এড়ানোর শ্রেষ্ঠ উপায়।

