মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশটিতে সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সফর চলাকালীন শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। একইসঙ্গে সরকারের বিশেষ অতিথি হিসেবে মালদ্বীপের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উভয় দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক ও বন্ধুত্বের কথা তুলে ধরে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা খাতে সুযোগ তৈরি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করার উপায়গুলো নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন। এই আলোচনার মাধ্যমে পারস্পরিক সুবিধার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উভয় পক্ষ।

