দামুড়হুদায় লোহার শিকের আঘাতে ফল বিক্রেতা খুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ফুটপাতে দোকান বসানো নিয়ে সৃষ্ট বিরোধের জেরে মধু (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভ্যানে ফল বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সবজি বিক্রেতা মামুনের সঙ্গে মধুর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় মামুন কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় মধু মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা তাকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।