জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে। বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় দলের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার দলটির হাইকমান্ডের নির্দেশে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিষ্টি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে এই পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন, যা গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। নির্দেশ পাওয়ার পরই মিষ্টি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে তার পদত্যাগপত্রটি কার্যকর হলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়। মিষ্টি তার পদত্যাগপত্রে সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করলেও কোনো সুনির্দিষ্ট কারণ জানাননি।
সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি বলেছিলেন, রাড্ডা সেন্টারের ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তদন্তে যা উঠে আসবে তা-ই গ্রহণযোগ্য হবে। দলীয় সিদ্ধান্তের বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন, বিএনপির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটিই তিনি মেনে নেবেন। রাড্ডা সেন্টারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়েও বড় ধরনের রদবদল আনা হয়েছে। এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং দল ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মিষ্টিকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে দলটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

