ভূমি সংক্রান্ত প্রচারের জন্য ডিসিদের ২ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ

দেশের বিভিন্ন জেলায় ভূমি সংক্রান্ত প্রচার ও বিজ্ঞাপন ব্যয়ের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ২ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৩৭৪ টাকা বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ২১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট ও অডিট অধিশাখা থেকে এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে নেত্রকোনা জেলা, যেখানে ৩৩ লাখ ৪৫ হাজার ১১০ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ফেনী জেলায় ১৪ লাখ ৬০ হাজার ১৭ টাকা, টাঙ্গাইলে ১০ লাখ ৮২ হাজার ৩১৫ টাকা, রংপুরে ১০ লাখ ৩৫ হাজার ৯৭৬ টাকা, রাজবাড়ীতে ৯ লাখ ৪৮ হাজার ৩৮০ টাকা এবং নওগাঁয় ৮ লাখ ৭২ হাজার ৬৭৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত অন্যান্য জেলার মধ্যে ঢাকা জেলায় ৯৬ হাজার ৮২০ টাকা, মুন্সিগঞ্জে ৪ লাখ ৮৬ হাজার ৮৮৭, মানিকগঞ্জে ৪ লাখ ২৯ হাজার ৫২, গাজীপুরে ৭৩ হাজার ৫০০, নরসিংদীতে ৪ লাখ ৫৩ হাজার ৮৫৮, ফরিদপুরে ৩ লাখ ৯১ হাজার ৩৪৫, গোপালগঞ্জে ৭৬ হাজার ৮৪, মাদারীপুরে ৪৬ হাজার ৪৬০ এবং শরীয়তপুরে ৮৬ হাজার ৮৪৮ টাকা বরাদ্দ করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামে ২ লাখ ৮৭ হাজার ৪০, কক্সবাজারে ২ লাখ ২০ হাজার ৯৯৫, কুমিল্লায় ৩ লাখ ৯ হাজার ১৫৫, চাঁদপুরে ২ লাখ ২২ হাজার ৮৯৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ লাখ ৪৫ হাজার ৬৪৭, নোয়াখালীতে ৫ লাখ ৩৮ হাজার ৫১২, লক্ষ্মীপুরে ২ লাখ ৪০ হাজার ৮১০, খাগড়াছড়িতে ১ লাখ ৩৫ হাজার ৪৭০, রাঙ্গামাটিতে ৫৮ হাজার ৬৪০ এবং বান্দরবানে ১ লাখ ৬৬ হাজার ৭৭৭ টাকা বরাদ্দ পেয়েছে। রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ ২৪ হাজার ৪৭৯, নাটোরে ৩ লাখ ১৫ হাজার ২৪৮, বগুড়ায় ৩ লাখ ৫৪ হাজার ৭৬৮, জয়পুরহাটে ২৬ হাজার ৪০০, পাবনায় ৭ লাখ ৯৮ হাজার ১৪ এবং সিরাজগঞ্জে ৬ লাখ ৬০ হাজার ৮৯২ টাকা বরাদ্দ হয়েছে।

রংপুর বিভাগের কুড়িগ্রামে ৩ লাখ ৫৪ হাজার ৮৫, গাইবান্ধায় ৭ লাখ ৩ হাজার ২২, দিনাজপুরে ৭ লাখ ৯৩ হাজার ৬৬৫, পঞ্চগড়ে ৫ লাখ ৩৯ হাজার ৩৩৩, লালমনিরহাটে ১ লাখ ৪৯ হাজার ৪০ এবং ঠাকুরগাঁওয়ে ৬ লাখ ৭ হাজার ৫৫১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খুলনা বিভাগের ক্ষেত্রে খুলনায় ৬ লাখ ৫৬ হাজার ৬৩৬, বাগেরহাটে ৩ লাখ ৬৪ হাজার ৪৬৩, সাতক্ষীরায় ৪ লাখ ৪৪ হাজার ৯২০, মাগুরায় ২ লাখ ৬৪ হাজার ৪৩৬, কুষ্টিয়ায় ৪ লাখ ৮৩ হাজার ৬০৪, নড়াইলে ২ লাখ ২২ হাজার ৯০০, চুয়াডাঙ্গায় ৯৩ হাজার ৪৯৫, মেহেরপুরে ১ লাখ ৩৮ হাজার ২০০ এবং যশোরে ২ লাখ ৮৪ হাজার ৩২২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে স্পষ্ট করা হয়েছে যে, এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-সহ প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে। এই বরাদ্দের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বকেয়া প্রচার ও বিজ্ঞাপন বিল পরিশোধ করা যাবে। তবে এই বরাদ্দ শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বকেয়া পরিশোধের জন্য কার্যকর হবে, তাই ভবিষ্যতে কোনো বকেয়া বিলের দাবি গ্রহণ করা হবে না। ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়নকারী কর্মকর্তা দায়ী থাকবেন এবং অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।