প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ২৯
বকেয়া পাওনা পরিশোধ না করার অভিযোগে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং উড়োজাহাজ আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুই দেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, সোমবার তেহরানগামী বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটিতে যাত্রীরা উঠে বসেছিলেন এবং উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আদালতের জারি করা বাজেয়াপ্তকরণ আদেশের পরিপ্রেক্ষিতে ইস্তাম্বুল বিমানবন্দরের কর্মকর্তারা উড়োজাহাজটি আটকে দেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে কাসপিয়ান এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রশাসনিক জটিলতার কারণে ইস্তাম্বুল থেকে তেহরানগামী উড়োজাহাজটির পরিচালনায় সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে। উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হলেও, বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া ৩০ লাখ ইউরোর হিসাব নিষ্পত্তিতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুতই উড়োজাহাজটি ইরানে ফিরে যেতে পারবে।
এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বর্তমানে ইরান এয়ারসহ কয়েকটি সংস্থা তুরস্ক ও ইরানের মধ্যে নিয়মিত যাত্রী পরিবহন চালু রেখেছে। তবে ভারী পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম মহান এয়ার জানিয়েছে যে, আঙ্কারার অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা তুরস্কে তাদের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।

