জাতিসংঘের সাধারণ পরিষদে একই পরিবারের তিন সদস্যের নিজ দেশের প্রতিনিধিত্ব করার অনন্য ও ঐতিহাসিক গৌরব অর্জন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও তিনি সাতটি উচ্চ-পর্যায়ের সভায় বক্তব্য প্রদান করেন। সফরকালে প্রধানমন্ত্রী ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও ফলপ্রসূ বৈঠক করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই অংশগ্রহণ ছিল একটি ঐতিহাসিক ঘটনা, যা দেশের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। বিশ্বমঞ্চে বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে সফলভাবে তুলে ধরা হয়েছে, যা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করাকে বিশ্ব ইতিহাসে এক বিরল ও অনন্য ঘটনা হিসেবে অভিহিত করেছে মন্ত্রিসভা।
ঐতিহাসিক তথ্যানুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম ভাষণ দেন। এর আগে, ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে, ১৯৯৩ সালের ১ অক্টোবর তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

