অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অপতথ্য ও অসত্য তথ্যের বিস্তার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান অপব্যবহার রোধে বাংলাদেশসহ বিশ্বের সকল রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে তথ্য কমিশনের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ; অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্যের সহজলভ্যতা থাকলেও সঠিক তথ্যের পাশাপাশি অপতথ্য ও অসত্য তথ্যের ব্যাপক বিস্তার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তথ্যের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলভাবে তথ্য পরিবেশনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন, তথ্য জানার অধিকার সবার থাকলেও সেই তথ্য হতে হবে সঠিক ও নির্ভরযোগ্য। ভুল ও অসত্য তথ্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, কোনো তথ্য শেয়ার, লাইক বা কমেন্ট করার আগে সেটির সত্যতা যাচাই করা জরুরি। অনেক সময় মানুষ নিজের অজান্তেই যাচাই না করে তথ্য প্রচার করেন। গণমাধ্যমকর্মীদেরও তথ্য যাচাই করে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। এছাড়া রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদেরও তথ্য ব্যবহারে দায়িত্বশীল হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বিশেষ করে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর অপতথ্যের বিরূপ প্রভাবে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইমপারসোনেশন, ভুয়া পরিচয় এবং এআই প্রযুক্তির অপব্যবহার করে মানুষের ছবি ও পরিচয় ব্যবহারের মাধ্যমে যে মানহানি করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে অপতথ্য ও এআইয়ের অপব্যবহার ভবিষ্যতে বিশ্বকে হুমকির মুখে ফেলতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুমন রহমান। সভায় বক্তারা ডিজিটাল মাধ্যমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের প্রবাহ নিশ্চিত করা, অপতথ্য প্রতিরোধ এবং এআইয়ের অপব্যবহার মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর বিষয়ে একমত পোষণ করেন।