শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কমিটি সুপারিশ করেছে যে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যেন অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে পারেন, সেজন্য মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয়কে সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বৈঠকে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সুপারিশ করেছে কমিটি।
সংসদীয় কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আবদুল হান্নান এবং রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

