যশোরের চৌগাছায় পুকুরে ডুবে আড়াই বছর বয়সী মামা-ভাগনের মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্পর্কে তারা মামা-ভাগনে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের ঢালীপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, সন্ধ্যার আগে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু দুটি পানিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা মিলন হোসেন জানান, তারা কখন পানিতে পড়েছে, সে বিষয়ে কেউ কিছু বুঝতে পারেনি।

পরবর্তীতে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন এবং দুই শিশুর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।